Logo

বগুড়ায় হবে আন্তর্জাতিক বিমানবন্দর, রানওয়ে সাড়ে ১০ হাজার ফুট

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৭ মে, ২০২৬, ১৪:৫৭
বগুড়ায় হবে আন্তর্জাতিক বিমানবন্দর, রানওয়ে সাড়ে ১০ হাজার ফুট
ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও বিমান পরিবহন খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হবে, যাতে দেশি-বিদেশি উড়োজাহাজ অবতরণ করতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর পরিদর্শনকালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়া বিমানবন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষ সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সুবিধা পেতে পারেন। একই সঙ্গে এখানে কার্গো সুবিধাও স্থাপন করা হবে, যা কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, দীর্ঘ রানওয়ে নির্মাণের ফলে বড় আকারের উড়োজাহাজও সহজে অবতরণ ও উড্ডয়ন করতে পারবে। এতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও নতুন সুযোগ তৈরি হবে।

পরিদর্শনকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বগুড়াকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বগুড়ার ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় এই অঞ্চলকে কেন্দ্র করে বিমান খাতের বড় উন্নয়ন সম্ভব। মন্ত্রণালয়ের বৃহৎ পরিকল্পনার সূচনা এখান থেকেই হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সরকারের পরিকল্পনায় শুধু বিমানবন্দর সম্প্রসারণই নয়, পাইলট প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং আধুনিক কার্গো ফ্যাসিলিটি তৈরির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মিত হলে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ও আন্তর্জাতিক গন্তব্যগুলোর যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতির জন্য দ্রুত পণ্য পরিবহন ও রপ্তানির সুযোগ বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD