৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দেশের সব হাসপাতালের নবজাতক ও মাতৃ ওয়ার্ডে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক এবং আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাসপাতালের মাতৃ ও নবজাতক ওয়ার্ডে একসঙ্গে একাধিক নবজাতকের অবস্থার অবনতি ঘটে এবং পরে ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুতর অবহেলা ও পর্যবেক্ষণের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন প্রসূতিরও অসুস্থ হয়ে পড়ার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
আইনি নোটিশে আরও বলা হয়, সংকটময় পরিস্থিতিতে পর্যাপ্ত জরুরি চিকিৎসা সাড়া, সার্বক্ষণিক মনিটরিং এবং দ্রুত স্থানান্তরের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়। এতে একের পর এক নবজাতকের মৃত্যু ঘটে, যা ব্যাপক জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।
নোটিশে চারটি মূল দাবি জানানো হয়েছে— দায়ীদের চিহ্নিত করে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, দেশের সব হাসপাতালের মাতৃ ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ জানাতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান জানান, তদন্তে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে অবকাঠামোগত ত্রুটি ও ব্যবস্থাপনাগত অনিয়ম পাওয়া গেছে। সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে।
এর আগে ঘটনাটি নিয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে। বিষয়টি ঘিরে স্বাস্থ্য খাতে নিরাপত্তা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।








