সাংবাদিকদের ওপর কোনো ধরনের হামলা বরদাস্ত করা হবে না

দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি বলেছেন, পেশাদার সাংবাদিকদের ওপর কোনো ধরনের হামলা বা নির্যাতন মেনে নেওয়া হবে না এবং এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
বিজ্ঞাপন
সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করার নীতি সরকারের নেই। গণমাধ্যম বর্তমানে স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে এবং সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে না।
আরও পড়ুন: বর্জ্য থাকলে কল করতে বলছে ডিএসসিসি
বিজ্ঞাপন
তিনি আরও দাবি করেন, নির্বাচিত সরকারের আমলে এবারই সবচেয়ে উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদ উদযাপন করতে পেরেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার শুধু জনপ্রিয়তা অর্জনের জন্য সিদ্ধান্ত নেয় না; দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাও সরকারের দায়িত্ব।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট শুরু হওয়ার পর আমদানিনির্ভর দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করেছে। বাংলাদেশও আমদানিনির্ভর হওয়ায় বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে অন্য অনেক দেশের তুলনায় সরকার দীর্ঘ সময় ধরে জ্বালানির মূল্য অপরিবর্তিত রেখেছিল।
বিজ্ঞাপন
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আমদানি সক্ষমতার বিষয়গুলো মাথায় রেখেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি জানান, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতেই সরকার বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে। বর্তমান সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা না গেলেও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।








