মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নির্দেশনা দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রমের সুবিধার্থে সাময়িকভাবে এ সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
ঈদ-পরবর্তী বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের নির্দেশনা পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।
বিজ্ঞাপন
একই নিয়ম দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।








