কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% কর দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট বা কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি এ বিষয়ে আশ্বাস পেয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুয়েল রানা। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক কনটেন্ট নির্মাণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার পরিচালিত পেজটির অনুসারীর সংখ্যা বর্তমানে ৪৩ লাখেরও বেশি।
সাক্ষাৎ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়ার নির্দেশ দেন এবং এমন কোনো কর আরোপের পরিকল্পনা নেই বলে আশ্বস্ত করেন।
জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন যে তরুণদের ডিজিটাল মার্কেটিং ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। কারণ তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ওপর কর আরোপের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কিছু হবে না। তিনি সবাইকে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
জুয়েল রানা জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন যে ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতারা বিদেশ থেকে অর্থ দেশে আনছেন, যা জাতীয় অর্থনীতির জন্য ইতিবাচক। এ কারণে তাদের প্রতি সহায়ক নীতি থাকা প্রয়োজন। জবাবে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন।
তবে জুয়েল রানার এ বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।








