Logo

দৌলতদিয়ায় বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি: নৌ মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুন, ২০২৬, ১৪:৪১
দৌলতদিয়ায় বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি: নৌ মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী আগেই সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ‘কবরী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি কনভেনশন পকেট অতিক্রম করে ফেরির বিপরীত পাশের র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

তবে ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রচলিত নিরাপত্তা বিধি অনুসরণ করায় কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং বাসের চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে।

উদ্ধার কার্যক্রমে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারাও পুরো অভিযান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফেরিতে ওঠার আগে যানবাহন থেকে যাত্রী নামানো এবং নির্ধারিত চলাচলপথ ব্যবহার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD