ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও আদান-প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
সফরের অংশ হিসেবে হাকান ফিদানের কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
২০২০ সালের ডিসেম্বরের পর এই প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এছাড়া বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফরটি শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের আনুষ্ঠানিক ধারাবাহিকতা নয়; এর মাধ্যমে দুই দেশের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিতও মিলছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্ক বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পেয়েছে।








