Logo

হজে ৪৬ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন প্রায় ৩০ হাজার হাজি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুন, ২০২৬, ১২:২২
হজে ৪৬ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন প্রায় ৩০ হাজার হাজি
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরা বাংলাদেশি হাজিদের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২৯ হাজার ৬৯৪ জন হাজি দেশে ফিরেছেন। আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।

বিজ্ঞাপন

চলতি বছর হজ পালনের সময় ও পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে ৩৫ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে এসেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৬ হাজার ৩৬৬ জন।

বিজ্ঞাপন

বিভিন্ন এয়ারলাইনের মাধ্যমে এসব হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৯ হাজার ৯৮১ জনকে, সৌদি এয়ারলাইনস ১১ হাজার ৩৩১ জনকে, ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জনকে এবং অন্যান্য এয়ারলাইনের মাধ্যমে ফিরেছেন ৬৮২ জন।

হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের চিকিৎসাসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৫৬ হাজার ৩১২টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজার ৭১০টি সেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৬২ জন হজযাত্রী। বর্তমানে ২৪ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩০ জুন পর্যন্ত হাজিদের দেশে ফেরার কার্যক্রম চলবে। নিরাপদ ও সুশৃঙ্খলভাবে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD