Logo

কেআইবি’র অর্থ আত্মসাৎ হিসাবরক্ষক দিলিপকে শোকজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুন, ২০২৬, ১৮:৩২
কেআইবি’র অর্থ আত্মসাৎ হিসাবরক্ষক দিলিপকে শোকজ
ফাইল ছবি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) তহবিল থেকে ৪ লাখ টাকা তছরুপের ঘটনায় সহকারী ব্যবস্থাপক দিলিপ কুমার সরকারকে শোকজ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সোমবার (১ জুন) অভিযুক্ত কর্মকর্তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে যে, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই জাতীয়তাবাদী কৃষকদলের রাজনীতির সঙ্গে জড়িত কৃষিবিদ তাহমিদ রিজভী নামের এক ব্যক্তিকে কেআইবি তহবিলের নগদ ৪ লাখ টাকা দিয়েছেন সংস্থাটির হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক দিলিপ কুমার সরকার। যা মূলত প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা ছিল।

কেআইবি’র প্রশাসক কৃষিবিদ মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত সেই শোকজ নোটিশে বলা হয়, ‘বিশ্বস্ত সূত্রে জানা গেছে আপনি দিলিপ কুমার সরকার সহকারী ব্যবস্থাপক হিসাব বিভাগ (কেআইবি) কমপ্লেক্স কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে কেআইবি’র তহবিল থেকে ৪ লাখ টাকা তাহমিদ রিজভীকে প্রদান করেছেন। আপনি কেআইবি’র একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে কীভাবে এ অর্থ কেআইবির ব্যাংক হিসাবে জমা না করে নিজের কাছে গচ্ছিত রেখেছেন এবং অনৈতিকভাবে অন্যকে লাভবান এবং নিজে লাভবান হওয়ার জন্য অর্পিত দায়িত্ব পালনে চরম স্বেচ্ছাচারিতা ও অবহেলা করেছেন।’

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়েছে, 'আপনার (দিলিপ কুমার সরকার) এ রূপ কার্যকলাপ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর চাকুরিবিধি পরিপন্থী।’ শোকজ নোটিশে অভিযুক্ত কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে চাকরিবিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

কেআইবি'র হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক দিলিপ কুমার সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি অভিযোগ করেন, তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রতিষ্ঠানের তহবিল থেকে ৪ লাখ টাকা দিতে বাধ্য করা হয়। এ ঘটনার পর গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আরেকটি ভিডিওতে তিনি দাবি করেন, তাকে কেউ ভয়ভীতি দেখায়নি। সংস্কার কাজের বিল হিসেবে তিনি ৪ লাখ টাকা দিয়েছেন।

প্রায় ৩৩ হাজার সদস্যের সংগঠন কেআইবিতে ২০০৯ সালের পর আর কোনো নির্বাচন হয়নি। দীর্ঘ সময় আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সংগঠনটির নিয়ন্ত্রণে ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কেআইবির নিয়ন্ত্রণ নেয় বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন

বিজ্ঞাপন

এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নেতারা। কিন্তু হলরুম ভাড়া ও খাবারের অর্থ বণ্টন নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৭ জানুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ২০ জানুয়ারি লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রব খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি নির্বাচন কমিশন গঠন করলেও বিরোধের কারণে নির্বাচন আর হয়নি। কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ্যাবের কিছু নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD