Logo

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী শরীফুল আলম

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
৬ জুন, ২০২৬, ১৩:৩২
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী শরীফুল আলম
ছবি: সংগৃহীত

দেশের যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না; খেলাধুলার মাধ্যমে তাদের দেশের সম্পদে পরিণত করতে হবে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফ্রি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা-পরবর্তী জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ক্রীড়া প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) হিসেবে নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করার বিষয়ে আগ্রহী। এ লক্ষ্যে ক্রীড়াকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে এবং ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে ফুটবল, ক্রিকেট, হকিসহ বিভিন্ন খেলায় নতুন প্রতিভা খুঁজে বের করা হচ্ছে।

অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলিপ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন পরিচালনা কমিটির সভাপতি ও শিল্পপতি মো. আশফাক আহমেদ জুন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন দলের হাতে গোল্ডকাপ ট্রফি ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD