ফেনীতে সরকারি মেডিকেল কলেজ না হলে অনশনের হুঁশিয়ারি এমপিদের

ফেনী জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় সংসদে জোরালো অবস্থান নিয়েছেন জেলার নির্বাচিত সংসদ সদস্যরা। এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সংসদ প্রাঙ্গণে অনশন কর্মসূচিতে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
তিনি সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অবিলম্বে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বিজ্ঞাপন
বক্তব্যে তিনি উল্লেখ করেন, ফেনী থেকে নির্বাচিত চারজন সংসদ সদস্য একমত হয়ে এ দাবি উত্থাপন করছেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষেরও এটি অন্যতম প্রধান দাবি। স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং চিকিৎসা শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
রেহেনা আক্তার রানু বলেন, অতীতে ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে নানা কারণে সেটি টেকসইভাবে পরিচালিত হতে পারেনি। ফলে জেলার মানুষ এখন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন।
তিনি দাবি করেন, ফেনীর জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ চিকিৎসক তৈরির সুযোগ সৃষ্টি করতে সরকারি উদ্যোগে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জরুরি। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের দ্রুত সিদ্ধান্ত কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
সংসদ সদস্য রানু আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে ফেনীতে অনুষ্ঠিত এক জনসভায় সরকারপ্রধান মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যাশায় জেলার মানুষ অপেক্ষা করছে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
দাবি আদায়ে তারা সংসদে ধারাবাহিকভাবে বিষয়টি উত্থাপন করবেন বলেও জানান এই সংসদ সদস্য। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে ফেনীর চারজন সংসদ সদস্য একসঙ্গে সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন।
বিজ্ঞাপন
তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগুরুত্বপূর্ণ এই দাবির বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হলে ফেনী জেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জেলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
ফেনীবাসীর দাবি, জেলার ক্রমবর্ধমান জনসংখ্যা এবং স্বাস্থ্যসেবার চাহিদার কথা বিবেচনায় নিয়ে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলে স্থানীয় জনগণ যেমন উপকৃত হবে, তেমনি পার্শ্ববর্তী এলাকার রোগীরাও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। তাই বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।








