Logo

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ ১৭৫ বাংলাদেশি: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১২:২২
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ ১৭৫ বাংলাদেশি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত ১৭৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে শহীদ শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

অনুষ্ঠানে ২০২৫ সালে সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত ছয় সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের দুই লাখের বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশের প্রায় ৬৩টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন অঞ্চলে ১০টি মিশনে কর্মরত রয়েছেন। এছাড়া হাইতিতে নতুন একটি শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার প্রস্তুতিও চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD