Logo

জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
বিশেষ প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৭:৩৪
জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে জলাতঙ্ক প্রতিরোধী (অ্যান্টি-র‍্যাবিস) ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যতেও এর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ১ লাখ ৩৯ হাজার ৬৭৫ ভায়াল, অর্থাৎ ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিতভাবে এসব ভ্যাকসিন পৌঁছে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫০ ভায়াল অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন মজুত রয়েছে। পাশাপাশি কুকুরের কামড়ে গুরুতর আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত ইমিউনোগ্লোবুলিনেরও ৬৫ ভায়াল বা ২৬০ ডোজ সংরক্ষিত আছে।

ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে একাধিক স্তরে মজুত রাখা হয়েছে। কোনো এলাকায় হঠাৎ চাহিদা বেড়ে গেলে পাশের উপজেলা, জেলা কিংবা কেন্দ্রীয় ভাণ্ডার থেকে দ্রুত সরবরাহ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের মাধ্যমেও প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও ভ্যাকসিনের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

দেশবাসীকে আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বহুমাত্রিক প্রস্তুতির কারণে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো সংকট তৈরি হবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD