জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেল বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ অর্জন করেছে।
বিজ্ঞাপন
গত রবিবার (৭ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করে।
পুরস্কার প্রাপ্তির পর বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার কৃষি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি ইনস্টিটিউটের সব পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান এবং এ অর্জনকে বিজেআরআই পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
‘জাতীয় পরিবেশ পদক নীতিমালা ২০১২ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন’ শ্রেণিতে বিজেআরআই এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়।
নীতিমালা অনুযায়ী, এই পদকের আওতায় বিজেআরআইকে ২২ ক্যারেট মানের দুই তোলা স্বর্ণের বাজার মূল্য, ৫০ হাজার টাকার চেক, একটি সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, গবেষণা কার্যক্রম এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি বছর সরকার এই জাতীয় পরিবেশ পদক প্রদান করে থাকে।








