নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) ইসির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। ইসি উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় এ সহায়তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে দুর্ঘটনা বা হামলায় কেউ নিহত হলে তার পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে ৪ লাখ টাকা, অস্থায়ীভাবে অক্ষম হলে ২ লাখ টাকা এবং আহত ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতা, গুরুতর অসুস্থতা বা মৃত্যু হলে ৬ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে। গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম ব্যক্তির জন্য ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিলে সর্বোচ্চ ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে অনুদান সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নীতিমালায় বলা হয়েছে, এসব অনুদান পেতে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের অনুমোদনের পর অর্থ প্রদান করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগে এ ধরনের সহায়তা প্রদানে সুনির্দিষ্ট ও একক নীতিমালা ছিল না। নতুন নীতিমালার ফলে অনুদান প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং অর্থ বণ্টন নিয়ে অনিশ্চয়তাও দূর হবে।








