Logo

৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা সরকারের, ধনীদের ওপর বাড়তি চাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৭:২৩
৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা সরকারের, ধনীদের ওপর বাড়তি চাপ
ছবি: সংগৃহীত

দেশের করব্যবস্থায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত এবং করদাতাদের ভবিষ্যৎ কর পরিকল্পনা সহজ করতে প্রথমবারের মতো পাঁচ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা করেছে সরকার।

বিজ্ঞাপন

একই সঙ্গে মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করহার বাড়িয়ে তিন কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ শতাংশ কর আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন।

বিজ্ঞাপন

বাজেট বক্তৃতায় তিনি বলেন, করদাতারা ভবিষ্যতে কত হারে কর পরিশোধ করতে হবে, তা আগে থেকেই যেন নির্ভুলভাবে অনুমান করতে পারেন, সে লক্ষ্যেই ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য পাঁচ বছরের আয়কর কাঠামো প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হবে। এরপর ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে তা ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত হবে।

বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব এসেছে। নারী ও ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণদের ক্ষেত্রে আগামী দুই করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০৩০-৩১ করবর্ষে তা বেড়ে ৫ লাখ টাকায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য আগামী দুই করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে বাড়িয়ে ৬ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন কর কাঠামোতে নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থা রাখা হলেও উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করের চাপ বাড়ছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে প্রথম ৩ লাখ ৭৫ হাজার টাকা আয় করমুক্ত থাকবে। এরপর বিভিন্ন স্তরে ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ হারে কর আরোপ করা হবে। ৩৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ করহার ৩০ শতাংশ বহাল থাকবে।

তবে ২০২৮-২৯ করবর্ষ থেকে উচ্চ আয়ের করদাতাদের জন্য নতুন করস্তর যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর আওতায় তিন কোটি টাকার বেশি আয়ের ওপর ৩৫ শতাংশ হারে কর আরোপ করা হবে, যা ২০৩০-৩১ করবর্ষ পর্যন্ত বহাল থাকবে। ফলে উচ্চ আয়ের ব্যক্তিদের করের বোঝা আরও বাড়বে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD