সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করে। রবিবার (১৪ জুন) দুপুরে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দুদকের মামলার প্রক্রিয়ায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের ১২ জুন এ বিষয়ে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
বিজ্ঞাপন
দুদকের অভিযোগ অনুযায়ী, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়।
মামলাগুলোতে মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন।








