রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে সরাসরি উত্তরাঞ্চলের আমের রাজধানীতে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি পুঠিয়ার বানেশ্বর আমের হাট পরিদর্শন করে রাজশাহীর আমের প্রশংসা করেন এবং রপ্তানি সম্প্রসারণে আধুনিক কোল্ড চেইন ও হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা বানেশ্বর আমের হাটে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাটে পৌঁছে তারা ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাতসহ বিভিন্ন জাতের আমের আড়ত ও দোকান পরিদর্শন করেন। রাষ্ট্রদূত স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, আম উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন এবং বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন। তার উপস্থিতিতে পুরো হাটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বিজ্ঞাপন
ব্যবসায়ী ও কৃষকেরা জানান, বিদেশি কূটনীতিকের এই সফর রাজশাহীর আমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা মনে করেন, এমন আগ্রহ কৃষিপণ্য রপ্তানির নতুন সুযোগ তৈরি করতে পারে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রদূত হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। এর আগে ২০২০ সালে তিনি একবার এখানে এসেছিলেন। তবে এবার তিনি আমের মৌসুমে বিশেষভাবে রাজশাহীর আম উপভোগ করতে এসেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তাই কোনো অঞ্চলে গিয়ে সেখানকার উৎপাদিত পণ্য সরাসরি দেখা ও উপভোগ করার অভিজ্ঞতা আলাদা। তার মতে, রাজশাহীর আম বিশ্বের সেরা ও সবচেয়ে বৈচিত্র্যময় পণ্যের মধ্যে একটি।
মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রে আম খুব জনপ্রিয় হলেও সাধারণত হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং তা দিয়ে বিভিন্ন পানীয় ও শেক তৈরি করা হয়। তবে রাজশাহীর মতো গাছে পাকা তাজা আম সেখানে পাওয়া যায় না।
তিনি বাংলাদেশের আম রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে আধুনিক কোল্ড চেইন ও হিমাগার ব্যবস্থার উন্নয়ন জরুরি। এতে সারা বছর হিমায়িত আম সরবরাহ করা সম্ভব হবে এবং রপ্তানি বাড়বে।
বিজ্ঞাপন
বানেশ্বর আমের হাট পরিদর্শন শেষে রাষ্ট্রদূত রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শনে যান। সফরের দ্বিতীয় দিনে বুধবার (১৭ জুন) তার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে। পরে বিকেলে তার ঢাকায় ফেরার সূচি রয়েছে।








