Logo

দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ২০:৪৮
দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে হিজরি ১৪৪৮ সনের মহররম মাস। আগামী ২৬ জুন, শুক্রবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

বিজ্ঞাপন

ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।

বিজ্ঞাপন

এবার ২৯ দিনেই শেষ হলো জিলহজ মাস। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে।

কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD