মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর কঠোর সতর্কতা

মোটরযান বিক্রির পর মালিকানা হস্তান্তরের আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত সময়ে মালিকানা পরিবর্তন না করলে বিক্রেতাদের আর্থিক ক্ষতির পাশাপাশি জটিল আইনি সমস্যার মুখোমুখি হতে হতে পারে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযান বিক্রির পর অনেক ক্রেতা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করে থাকেন। এর ফলে সংশ্লিষ্ট গাড়ি বা মোটরসাইকেলের কর, সারচার্জসহ বিভিন্ন আর্থিক দায়-দায়িত্ব পূর্ববর্তী মালিকের নামেই বহাল থাকে।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী কোনো মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। তবে অনেক ক্ষেত্রে এ বিধান অনুসরণ না করায় বিক্রেতাদের ওপর অগ্রিম আয়কর, বিশেষ পরিস্থিতিতে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের মতো আর্থিক দায় বর্তাচ্ছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতি থেকে নাগরিকদের সুরক্ষা দিতে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াকে আরও সহজ করেছে বিআরটিএ। সংস্থার তথ্য অনুযায়ী, মালিকানা হস্তান্তরের জন্য প্রথমে তাদের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন জমা দিতে হবে। এরপর বিক্রেতার উপস্থিতিতে বিশেষ হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করা হবে এবং একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
একইসঙ্গে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সনদ গ্রহণের জন্য নিজের বায়োমেট্রিক তথ্য বা আঙুলের ছাপ প্রদান করতে পারবেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিআরটিএ আরও সতর্ক করে বলেছে, মোটরযান বিক্রির পর যথাসময়ে মালিকানা পরিবর্তন না করা হলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতা দেখা দিতে পারে। তাই যানবাহন বিক্রেতা ও ক্রেতা উভয়কেই আইন মেনে দ্রুত মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মালিকানা পরিবর্তনের নিয়ম না মানলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ফলে মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান কেনাবেচার ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।








