Logo

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুন, ২০২৬, ১৫:৫৩
কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কাজাখস্তানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কূটনৈতিক যোগাযোগ আরও কার্যকর করতে ঢাকা ও আস্তানায় স্থায়ী দূতাবাস বা কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং জনগণ পর্যায়ের যোগাযোগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্য অর্জনে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক, সরকারি প্রতিনিধিদলের সফর এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

আলোচনায় কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো সম্ভব এবং এ ক্ষেত্রে উভয় দেশই লাভবান হতে পারে।

বৈঠকে শ্রমবাজার সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি কাজাখস্তানে পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ নিয়ে মতবিনিময় হয়।

দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নকেন্দ্রিক প্রকল্পে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকের এক পর্যায়ে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ জাতিসংঘের আওতায় পানি কূটনীতি বা ওয়াটার ডিপ্লোম্যাসি বিষয়ে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ উদ্যোগকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে এবং প্রস্তাবটির প্রতি সমর্থন অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং আন্তঃসীমান্ত জলসম্পদ ব্যবহারের মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। কাজাখস্তানের প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থন সেই সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিরা বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD