প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনের তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোয়নি। তবে বর্তমানে নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
তিনি বলেন, দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। হারিয়ে যাওয়া প্রত্নসম্পদ পুনরুদ্ধার, জাদুঘরগুলোর আধুনিকায়ন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং শালবন বিহারের সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








