তিন দফা দাবিতে উত্তরা থেকে সচিবালয়ের পথে শিক্ষার্থীদের লংমার্চ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।
বিজ্ঞাপন
এর আগে, আজকের পরীক্ষা শেষে দুপুর দেড়টা থেকে বিএনএস সেন্টার এলাকায় জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ। তাই পরীক্ষা স্থগিতসহ তাদের ঘোষিত তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের পরীক্ষা শেষে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন।
এর আগে একই দাবিতে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়সহ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া ও বন্যার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা আন্দোলনে নামেন।
এদিকে, শিক্ষার্থীদের লংমার্চকে কেন্দ্র করে সচিবালয় এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।








