বন্যাকবলিতদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যার্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সব ধরনের পুনর্বাসন উদ্যোগ অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিমানবন্দরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর তিনি নিজ নির্বাচনি এলাকা পেকুয়া উপজেলায় যান। সেখানে বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন








