আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে?

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের গত পাঁচ মাসের কার্যক্রম, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলন প্রসঙ্গে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কী ধরনের অগ্রগতি হয়েছে, তা বিস্তারিতভাবে সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে মানুষকে জানানো সরকারের দায়িত্ব। এ জন্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, এবারের সংবাদ সম্মেলনে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষয়-ক্ষতি এবং সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। পরে ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।








