শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি

নওগাঁর মান্দা উপজেলায় সফররত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির বাইরে থাকা যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিজ্ঞাপন
তিনি বলেন, উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় বর্তমানে এমপিওভুক্তির সুযোগ অত্যন্ত সীমিত, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (১৮ জুলাই) রাজশাহী থেকে সড়কপথে নওগাঁ যাওয়ার পথে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় শিক্ষামন্ত্রীকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এ দাবি উত্থাপন করেন সংসদ সদস্য।
বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, মান্দা উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এটি জেলার অন্যতম বৃহৎ ও জনবহুল উপজেলা। অথচ পার্শ্ববর্তী নওগাঁ-১ আসনের উপজেলাগুলোতে ইউনিয়নের সংখ্যা তুলনামূলক কম হলেও সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির সুযোগ বেশি রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি যুক্তি তুলে ধরে বলেন, যদি অন্যান্য উপজেলায় তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ থাকে, তাহলে ১৪ ইউনিয়নের বিশাল মান্দা উপজেলার জন্য মাত্র তিনটি প্রতিষ্ঠান কোনোভাবেই যথেষ্ট নয়। জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতির বিবেচনায় অন্তত নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া প্রয়োজন বলে তিনি মত দেন।
সংসদ সদস্য আরও বলেন, গত ১৭ থেকে ১৮ বছরে এলাকার মানুষ ও শিক্ষানুরাগীরা নিজেদের অর্থায়নে বহু মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এসব প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও রাজনৈতিক ও প্রশাসনিক নানা জটিলতার কারণে অনেক প্রতিষ্ঠান এখনো এমপিও সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
বর্তমানে শিক্ষা নীতি ও এমপিও নীতিমালার সংস্কার কার্যক্রম চলমান থাকায় তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান, প্রয়োজনে বিদ্যমান শর্ত কিছুটা শিথিল করে হলেও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হোক।
বিজ্ঞাপন
এমপির বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারি নীতিমালার আলোকে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয় যথাযথভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই মান্দা উপজেলার প্রবেশদ্বার ফেরিঘাট এলাকায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে স্থানীয়দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্টও প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের প্রত্যাশা, সরকারের চলমান শিক্ষা নীতির সংস্কার প্রক্রিয়ায় মান্দার দীর্ঘদিনের এমপিওবঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।








