শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করতে একটি মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন; তারা পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে অস্বস্তিতে ফেলতে আগ্রহী কিছু গোষ্ঠী বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তার ভাষ্য, যারা আন্দোলনে যুক্ত হয়েছেন, তাদের সবার পরিচয় শিক্ষার্থী হিসেবে নিশ্চিত নয়।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্ত করবে শিক্ষা মন্ত্রণালয় এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল থাকা দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তাই এ নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই।
আন্দোলনকে সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টিকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না। তার মতে, আন্দোলন কয়েকটি জেলা এবং রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল। গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সড়ক অবরোধের কারণে জনভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা ছাড়াই পাসের দাবি তোলার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তারই ধারাবাহিকতা এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোনোভাবেই শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে চায় সরকার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অতীতে অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
বিজ্ঞাপন
সম্প্রতি আন্দোলন চলাকালে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে তিনি বলেন, এসবই অপতথ্য (ডিসইনফরমেশন)। প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে, তবে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।”








