কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের বিভাগীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার লিখিত ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিজ্ঞাপন
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দ্বিতীয়বারের মতো তাকে আবারও কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু ওই নোটিশের জবাবও কর্তৃপক্ষ সন্তোষজনক মনে করেনি।
পরবর্তীতে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশনও বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বরখাস্তের এ আদেশ ২০২৫ সালের ৬ আগস্ট, অর্থাৎ তিনি যেদিন থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সেই তারিখ থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগের এই সিদ্ধান্ত সরকারি চাকরিতে শৃঙ্খলা বজায় রাখা এবং অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








