একনেকে অনুমোদন পেল ১৪ হাজার কোটি টাকার ৮ উন্নয়ন প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। এসব উদ্যোগের আওতায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, গ্যাস অনুসন্ধান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত আটটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা। বাকি ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে সংগ্রহ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধন), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধন) অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় সংশোধন) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধন) অনুমোদনও মিলেছে।
জ্বালানি খাতে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খননের প্রকল্পও অনুমোদন পেয়েছে। সরকারের আশা, এ উদ্যোগ দেশের জ্বালানি অনুসন্ধান কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য খাতেও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান কিডনি ডায়ালাইসিস কেন্দ্রগুলো ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীরা নিজ নিজ জেলায় উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় পরিকল্পনামন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি ইতোমধ্যে অনুমোদিত প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মাণ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, বিভিন্ন জাতীয় মহাসড়কের উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ, পূর্বাঞ্চলীয় গ্রিড উন্নয়ন এবং বিটাকের নতুন কেন্দ্র স্থাপনের মতো বিভিন্ন উন্নয়ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের মতে, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো এবং দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবার মান উন্নয়নেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








