Logo

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ২০:০৮
প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধান ও মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে আয়োজিত পর্যালোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বিষয়গুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের ধারাবাহিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD