মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার সব স্তরে গুণগত উন্নয়ন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। পরে প্রধানমন্ত্রী এসব বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের ধারাবাহিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহি আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।
মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে মূল্যায়নের ওপর জোর দেন।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।








