দালালমুক্ত হাসপাতাল গড়তে আনসার সদস্যদের কঠোর নির্দেশ ডিএমএ পরিচালকের

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যদের আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক মো. আসাদুজ্জামান গনী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) শেরেবাংলানগর আদর্শ মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ও নিউরোসায়েন্স ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শিশু হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল—এই ছয়টি প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি), সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) ও সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডিএমএ পরিচালক বলেন, অঙ্গীভূত আনসার সদস্যদের কল্যাণে বাহিনীর মহাপরিচালকের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বজায় রাখা এবং সদস্যদের নিজেদের শৃঙ্খলা অক্ষুণ্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সুনাম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে ভবিষ্যতে সদস্যদের সুযোগ-সুবিধাও আরও বাড়বে।
তিনি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বহিরাগত দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সহায়তা করার বিনিময়ে কোনো ধরনের বকশিস বা আর্থিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে উল্লেখ করে সর্বোচ্চ সততা বজায় রাখার আহ্বান জানান।
সভায় হাসপাতালের মতো সংবেদনশীল ও জনবহুল স্থানে চিকিৎসক, নার্স, রোগী এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের অধিনায়কসহ সংশ্লিষ্ট থানা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ ধরনের সভা মাঠপর্যায়ের আনসার সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং নিয়মিত তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করবে।








