Logo

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ২০:২৭
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবক
ছবি: সংগৃহীত

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এক লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স গঠন, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক এক সভায় এসব বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া প্রদান এবং সরকারের সার্বিক প্রস্তুতি আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় জরুরি সেবা নিশ্চিত করতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় এবং রাজধানী ঢাকায় হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া (HSA) স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD