রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়নি: শামা ওবায়েদ

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত দেশটির সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও এ ইস্যু উত্থাপন করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসইভাবে তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে দেওয়া। এ লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা হলেও বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক বা দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়নি। ফলে এ বিষয়ে অগ্রগতির কোনো নির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও বলেন, যদি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ বিষয়ে বাস্তবসম্মত অগ্রগতি হলে তা রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, মিয়ানমারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ অব্যাহত থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় এই সংকটের স্থায়ী সমাধান চায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শামা ওবায়েদ ইসলাম বলেন, সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে মিয়ানমারের বিভিন্ন এলাকায় আটক বাংলাদেশি জেলেদের অবস্থান ও তাদের ফিরিয়ে আনার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলে আটক রয়েছেন। এছাড়া আরও কিছু জেলে মিয়ানমারের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। তাদের সঠিক অবস্থান শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং সীমান্তসংক্রান্ত মানবিক বিষয়গুলো মোকাবিলায় বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। একই সঙ্গে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।








