Logo

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে গোয়েন্দা তৎপরতা জোরদার করল র‌্যাব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১২:৪১
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে গোয়েন্দা তৎপরতা জোরদার করল র‌্যাব
ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট পালিত হতে যাওয়া ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’কে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো চক্র যেন নাশকতা, সহিংসতা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম এবং সাইবার পর্যবেক্ষণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে র‌্যাব শুরু থেকেই পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মাধ্যমে সংঘবদ্ধ অপরাধী চক্রকে আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাহিনীটি।

র‌্যাব জানায়, জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা পরিকল্পনা তৈরি করেছে। একই সঙ্গে আগাম তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের র‌্যাব সদস্যরাও নজরদারিতে থাকবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

র‌্যাব জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে দিবসের সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী ও সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং আইনভঙ্গকারীদের দ্রুত আইনের আওতায় আনতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD