ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে ভয়াবহ আগুন

ঢাকার সাভারের আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কনক চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল প্রায় ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা গুদামের পেছনের অংশে আগুনের ধোঁয়া দেখতে পান। পরে বিষয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের জানানো হলে তারা প্রাথমিকভাবে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে জিরাবো স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি এবং ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
বিজ্ঞাপন
বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। প্রয়োজন হলে অতিরিক্ত ইউনিট মোতায়েনের প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কনক চৌধুরী জানান, আগুন নেভাতে সাতটি ইউনিট মাঠে কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগুনের উৎস বা কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে কারণ নির্ণয় করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পর গুদাম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুন যাতে আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেও সতর্ক অবস্থানে রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








