প্রধানমন্ত্রীর উপহারে পূরণ হলো ক্ষুদে শিল্পী অনুশ্রীর স্বপ্ন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সংগীতচর্চার জন্য হারমোনিয়ামের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লেখা একটি চিঠির পরিপ্রেক্ষিতে তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুশ্রীর হাতে উপহার হিসেবে একটি নতুন হারমোনিয়াম তুলে দেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাবা-মাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তার সংগীতচর্চার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপহার হিসেবে পাওয়া নতুন হারমোনিয়ামে প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুশ্রী। ক্ষুদে এই শিল্পীর পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
জানা গেছে, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিল। চিঠিতে সে সংগীত অনুশীলনের জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তার কথা জানায় এবং একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করে। সেই আবেদনের ভিত্তিতেই তাকে ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়।
বিজ্ঞাপন
অনুশ্রীর বাবা জানান, প্রধানমন্ত্রী তাদের ডেকে মেয়েকে উৎসাহ দেবেন—এমনটি তারা কখনো কল্পনাও করেননি। তিনি বলেন, পরিবারের সদস্যরা বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ডের কথা অনুশ্রীকে বলতেন। সেখান থেকেই তার বিশ্বাস জন্মায় যে, চিঠি লিখলে হয়তো প্রধানমন্ত্রী তার অনুরোধের প্রতি সাড়া দেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং তার হাত থেকে হারমোনিয়াম উপহার পাওয়ার অভিজ্ঞতায় অনুশ্রী ও তার পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই সম্মান ও উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
পরিবারের আশা, প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণা অনুশ্রীর মতো আরও অনেক ক্ষুদে প্রতিভাকে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করবে।








