Logo

সাতসকালে সড়কে দুই মর্মান্তিক দুর্ঘটনা, ঝরে গেল ১৫ প্রাণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৬, ১১:১৮
সাতসকালে সড়কে দুই মর্মান্তিক দুর্ঘটনা, ঝরে গেল ১৫ প্রাণ
ছবি: সংগৃহীত

সাতসকালে দেশের দুই প্রান্তে ঘটে গেল দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ার সড়কে পৃথক এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন এবং বগুড়ায় বাসচাপায় সাত শ্রমিক নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বিজ্ঞাপন

এর মধ্যে বড় দুর্ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলায়। শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন। এ ঘটনায় আরও অনেক আহত হয়েছেন।

পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন।

দুর্ঘটনায় আহত একটি শিশুকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে সিলেটের দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় আটজনে। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা কেমন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে, ভোর সাড়ে পাঁচটার দিকে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে গেছে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে। বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন সড়কের পাশে অপেক্ষমাণ ৭ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়া সদর উপজেলার ফাপড় এলাকার বেলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল এবং নূর আলম নামের এক ব্যক্তি। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। হতাহতরা সবাই কাজের সন্ধানে ভোরে এরুলিয়া বাজারে বসা শ্রমিকের হাটে এসেছিলেন।

জানা গেছে, রংপুর, গাইবান্ধা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুরেরা প্রতিদিন ভোরে এরুলিয়া বাজারের এই হাটে কাজের সন্ধানে জড়ো হন। স্থানীয় গৃহস্থরা এখান থেকেই দৈনিক মজুরিতে শ্রমিক সংগ্রহ করেন। আজ ভোরে ঢাকা থেকে নওগাঁ অভিমুখী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। ব্রেক করার কারণে বাসটি উল্টো ঘুরে বগুড়ামুখী হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ দিনমজুর ও স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেন। এই স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনার কথা উল্লেখ করে স্থায়ী গতিরোধক নির্মাণের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানান আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, বাসচাপায় প্রথমে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

একই সকালে দেশের দুই অঞ্চলে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পৃথক দুই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে কাজ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD