ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, কমছে ভোগান্তি

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে কয়েক দিন ধরে চলা তীব্র গ্যাস সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে। টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ বাড়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কিছুটা স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হওয়ার তথ্য পাওয়া গেছে। এতে আবাসিক গ্রাহক, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘদিনের ভোগান্তিও ধীরে ধীরে কমছে।
মিরপুরের বাসিন্দা তামান্না জানান, প্রায় দুই সপ্তাহ ধরে গ্যাসের সংকট থাকায় রান্নাবান্নায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে শুক্রবার সকালে গ্যাসের চাপ কিছুটা বাড়ায় রান্নার কাজে আগের তুলনায় স্বস্তি ফিরেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শাহবাগের এক সিএনজি অটোরিকশাচালক ইকরাম হোসেন বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে গ্যাসের সংকট চলায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে শুক্রবার পরিস্থিতি কিছুটা ভালো ছিল এবং প্রয়োজনীয় গ্যাস পাওয়া গেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের পর ধাপে ধাপে গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে। এর ফলে আবাসিক এলাকা, শিল্পপ্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কিছু এলাকায় এখনো গ্যাসের চাপ কম রয়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছিলেন, যান্ত্রিক ত্রুটি সমাধানের পর ভাসমান এলএনজি টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু হবে। এতে দুই থেকে তিন দিনের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এর আগে মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাবে রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্যাসের চাপ কম থাকায় অনেক বাসাবাড়িতে রান্নার কাজে দুর্ভোগ দেখা দেয়। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সিএনজি স্টেশনেও দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়।
বর্তমানে গ্যাস সরবরাহ বাড়তে থাকায় এসব ভোগান্তি ধীরে ধীরে কমছে। সংশ্লিষ্টদের আশা, এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ পুরোপুরি স্থিতিশীল হলে গ্যাসের চাপও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।








