Logo

অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট, ২০২৬, ১৮:৪৭
অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। একই সঙ্গে ভিসা ও অভিবাসনসংক্রান্ত পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা দেশটির আইনজীবীর সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) এক বার্তায় অস্ট্রেলিয়ান হাইকমিশন এ সতর্কবার্তা দেয়।

হাইকমিশনের বার্তায় বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিছু ভুয়া মাইগ্রেশন এজেন্ট প্রতারণা করছে। এসব প্রতারণা থেকে বাঁচতে ভিসাসংক্রান্ত বিষয়ে নির্ভরযোগ্য ও অনুমোদিত ব্যক্তির কাছ থেকেই পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্ট বাংলাদেশ থেকেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। পাশাপাশি অস্ট্রেলীয় আইনজীবীর কাছ থেকেও ভিসাসংক্রান্ত আইনি সহায়তা নেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। একই সঙ্গে তাদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত যোগ্যতার মানদণ্ডও পূরণ করতে হয়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কাছ থেকে সেবা নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় নিশ্চিত করা যায়। তারা যে ধরনের কাজ করবেন, তার জন্য যুক্তিসংগত ও ন্যায্য ফি নেওয়ার নিয়ম রয়েছে। পাশাপাশি কী ধরনের সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে, তা গ্রাহককে লিখিতভাবে জানাতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আবেদনকারীকে যত দ্রুত সম্ভব অবহিত করার বিষয়টিও নিবন্ধিত এজেন্টদের দায়িত্বের মধ্যে পড়ে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভোক্তা নির্দেশিকা (https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf) দেখার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ভিসা ও অভিবাসনসংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়া এবং এজেন্টের নিবন্ধন ও পেশাগত পরিচয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD