Logo

প্রধানমন্ত্রীর ভারত সফর: দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৩:০৬
প্রধানমন্ত্রীর ভারত সফর: দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণসহ সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভারতের স্পষ্ট জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। দিল্লির কাছ থেকে উত্তর পাওয়ার পর এ বিষয়ে নিজেদের পরবর্তী অবস্থান নির্ধারণ করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ঢাকা ও দিল্লির সরকারি সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্টভাবে জানতে চায় বাংলাদেশ। কারণ, প্রধানমন্ত্রীর ভারত সফর আয়োজন এবং দুই দেশের সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক আস্থা। আর দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থার সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা।

বাংলাদেশের কূটনীতিকদের ধারণা, শেখ হাসিনার বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করলে দুই দেশের মধ্যকার আস্থার সংকট অনেকটাই কমে আসতে পারে। গত ৫ আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ঘটনাটি যে ঢাকা-দিল্লি সম্পর্কের আস্থার ক্ষেত্রে নতুন বাধা তৈরি করেছে, গত দুই সপ্তাহে বিভিন্ন আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ তা স্পষ্ট করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা বলা হয়েছে, সে বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ। তাদের উত্তরের পর এ নিয়ে কথাবার্তা হবে।

প্রধানমন্ত্রী কি ভারতে যাচ্ছেন—বেসরকারি একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন না, আমরা সেটা বলিনি। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বলেছি যে প্রধানমন্ত্রীর কাছে দুটি বিষয় উপস্থাপন করা হয়েছে। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে হাজারও মানুষকে হত্যা করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ তার প্রত্যর্পণ চায়। সেটির ব্যাপারে অগ্রগতি কী।

বিজ্ঞাপন

আরেকটি বিষয় হচ্ছে, আন্দোলনের পরে, নির্বাচনের আগে একটি বিশেষ সময়ে শহীদ ওসমান হাদী হত্যার সঙ্গে অভিযুক্ত একজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ তার প্রত্যর্পণ চায়।

এ দুটি ইস্যু যখন প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আমরা এ ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া জানতে চাই।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও বলেন, এসব বিষয়ের ওপরই অনেকটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ভারত সফর কত দ্রুত বা কখন হতে পারে। তবে বাংলাদেশ ভারত সফরে যাবে না—এমন কোনো কথা বলা হয়নি। বরং ভারতের জবাবের অপেক্ষা করা হচ্ছে। জবাব পাওয়ার পর এ বিষয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে কথাবার্তা এরই মধ্যে চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD