প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেল পড়ার স্বপ্ন পূরণ ফাতেমার

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাটোরের ফাতেমা খানম। মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও অর্থসংকটে অনিশ্চিত হয়ে পড়েছিল তার স্বপ্ন। বিদেশে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার প্রাথমিক খরচ জোগাড় করতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন তিনি।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত সরকারি সহায়তায় সেই অনিশ্চয়তা কেটেছে। নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ফাতেমার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমার হাতে ওই অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ফাতেমা খানম নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের লাভলু খানের মেয়ে। তিনি জিগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৭ অর্জন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সহায়তা পাওয়ার পর ফাতেমার চোখে এখন নতুন স্বপ্ন। তিনি জানান, মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ার পর অর্থের অভাবে যখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, তখন প্রধানমন্ত্রীর এই সহায়তা তার জন্য বড় পাওয়া। মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চান তিনি।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ফাতেমার মতো মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে পিছিয়ে না যান, সেটিই তাদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া এই সহায়তা ফাতেমার মেডিকেল শিক্ষার পথ কিছুটা সহজ করবে।
বিজ্ঞাপন
তিনি আশা প্রকাশ করেন, ফাতেমা পড়াশোনায় মনোযোগী হয়ে একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলবেন এবং ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় কাজ করবেন।








