রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি বাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ও তুলে ধরেন।
রাষ্ট্রপতি বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি জনগণের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণে আনসার-ভিডিপির ভূমিকা আরও বিস্তৃত ও কার্যকর করতে বাহিনীর আধুনিকায়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় রাষ্ট্রপতি আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।
বিজ্ঞাপন
বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে বাহিনীর সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
সাক্ষাৎকালে সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আনসার-ভিডিপির অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসব ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও জনকল্যাণে বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিজ্ঞাপন
সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রাষ্ট্রপতিকে যেকোনো সুবিধাজনক সময়ে আনসার একাডেমি পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।
মহাপরিচালক রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমকে আরও জনমুখী, আধুনিক, দক্ষ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








