বেনজীরের বর্তমান অবস্থান জানতে ইন্টারপোলে পুলিশের চিঠি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত হতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এ জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে সংস্থাটির কাছে ই-মেইলে তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) ইন্টারপোলের কাছে ওই ই-মেইল পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দুবাইয়ে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় চলে গেছেন। তার প্রকৃত অবস্থান নিশ্চিত করতেই এনসিবি ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার উদ্যোগ নিয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, “আজকেই (বুধবার) একটি ই-মেইল পাঠানো হয়েছে ইন্টারপোলের কাছে। তাতে আমরা সাবেক আইজিপি বেনজীরের অবস্থানের তথ্য জানতে চেয়েছি। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতাও জানা দরকার।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর। দেশটির পাসপোর্ট তার কাছে রয়েছে এবং সেখানে তার যৌথ বিনিয়োগ রয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেন্ট লুসিয়ার গ্রোস আইসোলেট এলাকায় তার একটি ফ্ল্যাট থাকার কথাও প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।
এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি হয়। শুনানি শেষে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয় বলে সূত্রের দাবি।
বেনজীরের জামিনের বিষয়ে ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দুবাইয়ে বিভিন্ন মাধ্যমে তদবির করেছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এসব তথ্যের স্বতন্ত্র নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুবাইয়ের আদালত থেকে তার জামিন ও কারামুক্তির তথ্য পাওয়ার পর বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৎপরতা শুরু হয় বলেও সূত্র জানিয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
বিজ্ঞাপন
সূত্রের আরও দাবি, জামিন পাওয়ার পর বেনজীর দুবাই থেকে অপেক্ষাকৃত নিরাপদ কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন। স্পেনসহ কয়েকটি দেশের কথা বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় বিবেচনায় সেন্ট লুসিয়াকে বেছে নেন বলে সূত্রটি জানিয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর আহমেদের অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হওয়ায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে যাচাই করতে ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ।
এখন ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








