সমাজ থেকে অপশক্তি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আইনমন্ত্রী

সমাজ থেকে অপশক্তি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, এতে কেউ বাধা দেবে না।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সমাজ থেকে অপশক্তি দূর করার যে সংগ্রাম, সেখানে সবার সহযোগিতা প্রয়োজন। এ সংগ্রামে তিনি উপস্থিত সবার পাশে থাকার পাশাপাশি তাদেরও পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিস বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শিল্পপতি বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।








