৩ মাসের মধ্যেই ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী

নগরীর যানজট কমানো এবং নৌপথে যাতায়াতকে আরও জনপ্রিয় করতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
নৌ-পরিবহনমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে ঢাকার চারপাশে ওয়াটার বাস চলাচল করলেও অব্যবস্থাপনার কারণে এ খাতে মোট ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিবছর প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওয়াটার বাস পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করেছে। এসব সমস্যা সমাধান করে দ্রুতই ঢাকার চারপাশে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য ওয়াটার বাস চালু করা হবে।
ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়েও সংসদে কথা বলেন নৌমন্ত্রী। তিনি জানান, বুড়িগঙ্গাসহ নগরীর আশপাশের নদীগুলো দূষণের জন্য ৪২৪টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে কেমিক্যাল, তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ছে।
নদীগুলোকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াসা, সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে শিল্পবর্জ্য নদীতে পড়া বন্ধ করতে পরিবেশ ও শিল্প মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন নৌ-পরিবহনমন্ত্রী।








