Logo

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৯
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কর্মী নেওয়ার এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদলও বাংলাদেশ সফর করেছে। দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ওমানের আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কর্মী পাঠানোর বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে যাতে বাংলাদেশিরা নিয়মিত ওমানে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দক্ষ অভিবাসনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি ওমান সরকারের কাছেও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী পাঠানো এবং দেশটির বিভিন্ন খাতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে দুই দেশ কাজ করছে। এ উদ্যোগে ওমানেরও আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD