Logo

বিদেশে মব করে হামলা কোনোভাবেই সমর্থন করে না সরকার: শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৫
বিদেশে মব করে হামলা কোনোভাবেই সমর্থন করে না সরকার: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে গণতন্ত্রে বিশ্বাসী এবং নতুন বাংলাদেশের পক্ষে থাকা ব্যক্তিদের ওপর মব করে হামলা ও নির্যাতন কোনোভাবেই সরকার বা বাংলাদেশের নাগরিকরা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’-এর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে শামা ওবায়েদ বলেন, দেশে কিংবা বিদেশে মব রাজনীতি, মব কালচার এবং অকারণে সন্ত্রাস সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। নতুন বাংলাদেশে স্বচ্ছ, সুস্থ ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের ওপর গত ১৭ বছরে ব্যাপক নিপীড়ন-নির্যাতন হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ছাত্রদল ও যুবদলসহ দলের হাজার হাজার নেতাকর্মী গ্রাম পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছেন। অনেককে নিজেদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি। তাদের কেউ গাছের নিচে কিংবা বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের নির্যাতনের কারণে অনেককে কারাগারে থাকতে হয়েছে এবং হাজার হাজার মামলা নিয়ে হয়রানির শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে অনেকে হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন বলে দাবি করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “তাদের এবং তাদের পরিবারের কথা আমাদের স্মরণ করতে হবে।”

নির্যাতনের শিকার নেতাকর্মীদের দেশ গড়া ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে শামা ওবায়েদ বলেন, যারা এতদিন নির্যাতিত হয়েছেন, তাদের আজ দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের কাজে যুক্ত করতে হবে। তাদের আত্মত্যাগ ভুলে গেলে রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়া উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, জনসেবা ও গণসেবার রাজনীতি এবং ধৈর্য ও সহনশীলতার রাজনীতি শিখিয়েছেন। এসব আদর্শ প্রত্যেক নেতাকর্মীর মধ্যে ধারণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়া পরিবারের ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, সেটিও স্মরণ করতে হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের অবদানও ভুলে যাওয়া উচিত নয়।

জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD