Logo

সচিবালয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৮
সচিবালয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।

ব্যাংকের পক্ষে সভায় প্রতিনিধিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভায় ব্যাংকের বর্তমান কার্যক্রম, আর্থিক অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি ব্যাংকের সাম্প্রতিক কার্যক্রমের অগ্রগতি ধরে রাখার পাশাপাশি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এর মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য নতুন কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

সভায় ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে একাধিক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের কার্যকর ব্যবহার, পরিশোধিত মূলধন বৃদ্ধি, বিদ্যমান প্রবিধানমালা আধুনিকায়ন, জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানো এবং কার্যকর সুশাসন নিশ্চিত করার বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য।

এ ছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ খুঁজে বের করা এবং অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার অনুসরণ করে কার্যকর ও প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মী ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ২০২৯ সালের মধ্যে HR Automation/ERP বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দ্রুত, দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক প্রযুক্তিনির্ভর, সুশাসনভিত্তিক ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ব্যাংকটির সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মো. সাঈদ কুতুব; আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি; যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD