ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর

দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে মোট সাত ধাপে ভোট নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
পরবর্তী ধাপের সময়সূচি তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, চতুর্থ ধাপের ভোট হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। পঞ্চম ধাপের ভোটগ্রহণের জন্য ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের জন্য ২২ এপ্রিল এবং সপ্তম তথা শেষ ধাপের ভোটের জন্য ২৭ মে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রথম ধাপের পরিকল্পনা সম্পর্কে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের এই দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো কমিশনের প্রাথমিক পর্যায়ের সিদ্ধান্ত বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করার পরিকল্পনাও জানিয়েছে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনার বলেন, কমিশনের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, পুরো নির্বাচন কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি। ওই আলোচনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।








